ফেনীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও এসকাফ উদ্ধার, আটক ৪

ফন্ট সাইজ:

ফেনী সদর ও পরশুরাম থানা এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় চারজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার পাগলীরকুল এলাকায় অভিযান চালায় এসআরবি-৭ এর একটি দল। এ সময় রাজেশপুর বাজার থেকে সুবার বাজারগামী সড়কের নোয়াপাড়া মসজিদের উত্তর পাশে অভিযান চালানোর সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটকরা হলো, মো. ইয়াকুব (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৪৮)।

পরে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ও ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এরপর বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফেনী সদর থানার পশ্চিম রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-৭। এ সময় একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে চালক মো. শাহেদ আলী রিমন (২২) ও আলাউদ্দিন সোহাগ (২০)কে আটক করা হয়। পরে পিকআপের পেছনে থাকা দু’টি প্লাস্টিকের বস্তা থেকে ১৩টি বান্ডিলে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন জানান, আটককৃত ও মাদকদ্রব্যসহ জব্দ করা পিকআপ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।