কেসিসি’র দুই ট্রাকের চাপায় গাড়িচালক নিহত

ফন্ট সাইজ:

খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসি’র গাড়িচালক মো. আব্দুস সালাম নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউজ মোড় সংলগ্ন কেসিসি’র গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক। নিহত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। কেসিসি’র চালক মো. সাফায়েত হোসেন জানান, সকাল সোয়া ১১টার দিকে বাইরে থেকে গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন বারেক। তিনি সালামকে গাড়ি সরিয়ে নিতে বললে সালাম তাকেই গাড়ি সরাতে বলেন। এরপর বারেক স্টার্ট দিলে গাড়িটি সামনের দিকে গিয়ে সালামকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান।

তিনি জানান, নিহত চালকের পরিবার মামলা করতে চাইছে না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালক বারেককে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। সংবাদ পেয়ে কেসিসি’র প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খানও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।