বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যের চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ১৪১ জন চক্ষু রোগী। গতকাল জেলা শহরের গাইটাল শ্রীনগর এলাকায় নারী উদ্যোগ কেন্দ্র (নউক) আঞ্চলিক কার্যালয়ে বেসরকারি সংস্থাটি এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে ১৪১ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্য থেকে ১৫ জন রোগীকে অরবিস ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় ও নারী উদ্যোগ কেন্দ্রের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র্যালি শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মাহবুবা খন্দকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম। নারী উদ্যোগ কেন্দ্র (নউক)-এর রিজিওনাল কোঅর্ডিনেটর এএফএম আহাদের সঞ্চালনায় এতে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সেবা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেড অব আই কেয়ার এ.কে.এম. ফিরোজ আলম সাইফুল্লাহ।
