উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, দুই ডাম্পার জব্দ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় দু’টি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের মোচারখোলা কালামের পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাম্পার দুটি জব্দ করা হয়। উখিয়া রেঞ্জ সূত্রে জানা গেছে, কালামের পাহাড় এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালায়।

এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দু’টি ডাম্পার জব্দ করা হয়। পরে ডাম্পার দু’টি উখিয়া রেঞ্জ অফিসের হেফাজতে নেয়া হয়েছে। অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নানের নেতৃত্বে অংশ নেন দোছড়ি বিটের বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিটের বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোচারখোলা বিটের বিট কর্মকর্তা দীপক চাকমা ও রাজাপালং বিটের বিট কর্মকর্তা রোকনুজ্জামান। এ ছাড়া উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ ও ইআরটি সদস্যরা অভিযানে ছিলেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, বন বিভাগের আওতাধীন পাহাড় কেটে মাটি পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাহাড় ও বনভূমি রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। জব্দ করা ডাম্পারের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।