চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে আনুমানিক তিন বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামারা এলাকায় ফোর স্টার শিপইয়ার্ডের দক্ষিণ-পশ্চিম পাশে সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে সীতাকুণ্ড নৌ পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক (নি.) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই আব্দুল ওয়াহেদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটি গলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। এ সময় লাশ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
