নির্বাচনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া নেয়ায় সড়ক অবরোধ

নির্বাচনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া নেয়ায় সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার সকল কল-কারখানায় ছুটি ঘোষণা করেছেন কর্র্তৃপক্ষ। ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ভোট দিতে রওনা দেন গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষ। অতিরিক্ত বাস ভাড়া নেয়ার কারণে বিপাকে পড়েছেন তারা। বেশি ভাড়া আদায়ের অভিযোগ তোলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ অবরোধ করা হয়। অবরোধকারীরা জানান, গত সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষেরা একযোগে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়ায় সুযোগ বুঝে বাসচালক ও সহকারীরা কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন। তাই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। এদিকে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় অল্প সময়ের মধ্যেই দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়া থানার পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা। জাহানারা নামে এক যাত্রী জানান, প্রথমবারের মতো ভোট দিতে গ্রামের বাড়ি বগুড়া যাচ্ছেন। কিন্তু ৫০০ টাকার ভাড়া এক হাজার টাকা চাওয়া হচ্ছে এবং প্রতিবাদ করলেই নানা কথা শোনায় তারা। ন্যায্য ভাড়া কার্যকর এবং এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি। সাভার পাকিজা এলাকার কাউন্টার মাস্টার নাজমুল জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। কারণ আমরা সব টিকিট অনলাইনে কেটে থাকি। তবে লোকাল পরিবহন যেগুলো রয়েছে তারা হয়তো একটু বেশি ভাড়া নিতে পারেন। বাসের জন্য অপেক্ষারত শ্রমিকেরা বলেন, যাত্রী পরিবহনের মতো বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় ধরে বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাস পাওয়া যাচ্ছে না। এই সুযোগে বাসের বাড়তি ভাড়া আদায় করছেন গাড়ির মালিকপক্ষ। রাজশাহীর নওগাঁ যাবেন পোশাক শ্রমিক আবুল কালাম বলেন- ভোট দিতে নওগাঁ যাবো। আগে ৫০০ টাকা ভাড়া ছিল, এখন ১০০০ টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। প্রশাসন যেন এর সমাধান করে দেয়। একই দাবি জামালপুরের যাত্রী মুখলেসের। সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান জানান, নির্বাচনের ছুটিতে মানুষজন সব এক সঙ্গে বাড়ি ফেরার কারণে সড়কে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হয়েছে। এ ছাড়া যাত্রীর চেয়ে পরিবহনের সংখ্যা কম। ফলে তারা সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, যাত্রীদের অভিযোগ শোনার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে, এমন আশ্বাসে তারা সড়ক থেকে সরে গেছেন। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে। প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকার নির্বাহী আদেশে ১১ ও ১২ই ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ই ফেব্রুয়ারি বিশেষ ছুটি মিলিয়ে তিন দিনের ছুটি বহাল থাকবে। এ ছাড়া ভোটের পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি আছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন