ঠাকুরগাঁও ১ উপ-নির্বাচন: প্রতীক বরাদ্দ পেয়েই বিএনপি জামায়াতের প্রচারণা শুরু

ঠাকুরগাঁও ১ উপ-নির্বাচন: প্রতীক বরাদ্দ পেয়েই বিএনপি জামায়াতের প্রচারণা শুরু

ফন্ট সাইজ:

প্রতীক বরাদ্দের পর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ও ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন মির্জা ফয়সল আমিন। এ সময় তিনি বলেন, মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এ জন্য তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন। নির্বাচনে জয়ী হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

অপরদিকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১১ দলীয় ঐক্য তথা জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে দাড়িপাল্লায় প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি। এসময় মো. দেলাওয়ার হোসেন নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য প্রশাসনে প্রতি আহবান জানান। তিনি আশা ব্যক্ত করে বলেন, এবার ঠাকুরগাঁওবাসী আমাকেই বেছে নিবেন। আগামীদিনে তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে কাজ করবেন ও সরকারের পক্ষে যা বরাদ্দ আসবে তা সুষ্ঠ ভাবে বন্টন করে এই এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. বেলাল উদ্দিন প্রধানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।