রাজনগরে জামায়াতকর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হামলা, আহত ৪

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগরে বিএনপি’র কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর ৩ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে বিএনপি’র একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় জামায়াতের সমর্থকদের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। আহত একজনকে ২৫০ শয্যার হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ পুলিশ সদস্যরা রাজনগর বাজারে অবস্থান নেয়। পরে রাজনগরের দক্ষিণ দিকে জামায়াতের কর্মী-সমর্থকরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি সমর্থকরা অবস্থান নেন প্রায় দুই ঘণ্টা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১০টার দিকে।
জানা যায়, রাজনগর বাজারে বিএনপি ও যুবদলের কর্মী-সমর্থকরা শোডাউন করে। রাত সাড়ে ৯টার পরে জামায়াতের কর্মী- সমর্থকরা মোটরসাইকেল ও মাইক বাজিয়ে কয়েকটি পিকআপ গাড়ির শোডাউন নিয়ে আসেন। জামায়াত সমর্থকরা দাবি করেন- বিএনপি সমর্থকরা রাজনগর বাজারের ‘জামতলায়’ তাদের পথরোধ করে শোডাউনের শেষে থাকা পিকআপ গাড়ির সামনে দাঁড়ান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়।
অপরদিকে জামায়াতের গাড়ি থেকে তাদের ওপর ইট মারার দাবি করেন বিএনপি’র সমর্থকরা। এ সময় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি সমর্থকরা হামলা চালালে জামায়াতের ৩ জন আহত হন। আহতরা হলেন- দত্তগ্রামের সাইফ আহমদ (১৭), শাওন (১৮) এবং সালন গ্রামের মিনহাজ (২৫)। অপরদিকে বিএনপি’র ইমরান (৩০) নামে একজন আহত হয়েছেন। এ সময় শাওন আহমেদের একটি পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র টিম রাজনগর বাজারে অবস্থান নেয়। রাত ১২টার পরে উভয়পক্ষ চলে যায়। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার ঘটনাস্থলে আসেন। এদিকে এ ঘটনায় রাজগর থানায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে দু’টি অভিযোগ থানায় দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দু’টি এফআইআর-ভুক্ত হয়নি। রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন