আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার। কারা রয়েছেন বিশ্বের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার প্রাপ্তির লড়াইয়ে বাজিকরদের তালিকার শীর্ষে? অধিকাংশ মত দিয়েছেন কানাডীয় কবি অ্যান কার্সন এবং চীনের কথাসাহিত্যিক কান শুয়ে’র পক্ষে। আন্তর্জাতিক বেটিং সংস্থা ল্যাডব্রোকসের হিসাবে তাদের উভয়ের পক্ষে ১০/১ সম্ভাবনা দেখা যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ৭৬ বছর বয়সী অ্যান কার্সন তার কবিতা ও গদ্যের সমন্বয়ে অনন্য লেখনী রীতির জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত। তার বিখ্যাত কাজের মধ্যে ১৯৯৮ সালের পদ্য-উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’ অন্যতম। অন্যদিকে ৭৩ বছর বয়সী চীনা লেখক কান শুয়ে (প্রকৃত নাম দেং শিয়াওহুয়া) বিগত কয়েক বছর ধরেই নোবেলের সম্ভাব্য তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছেন।
শীর্ষ দুই প্রার্থীর পরই প্রতিবছরের মতোই এবারও আছেন জাপানের বিখ্যাত কথাসাহিত্যিক হারুকি মুরাকামি। বাজিকরদের তালিকায় তার সম্ভাবনা ১৪/১। ‘নরওয়েজিয়ান উড’ ও ‘কাফকা অন দ্য শোর’সহ বহুল বিক্রিত উপন্যাসের জন্য তিনি দীর্ঘদিন ধরেই পাঠকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন। এছাড়া ১৬/১ সম্ভাবনা নিয়ে তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার জেরাল্ড মুরনেন এবং মার্কিন উত্তরাধুনিক ঔপন্যাসিক টমাস পিনচন।
সম্ভাবনার তালিকায় আরও রয়েছেন কানাডীয় সাহিত্যিক মার্গারেট অ্যাটউড, মেক্সিকোর ক্রিস্তিনা রিভেরা গারজা, স্পেনের এনরিকে ভিলা-মাতাস, জ্যামাইকা কিনকেড, লিডিয়া হর্হে, লিউডমিলা উলিৎস্কায়া এবং মিশেল ওয়েলবেক। এর পাশাপাশি সম্ভাব্য তালিকায় কার্ল ওভে ক্নসগার্ড, মাইকেল ওনডাচে, মিরচা কার্তারেস্কু এবং সালমান রুশদির নামও রয়েছে।
আজ বাংলাদেশ সময় স্থানীয় সময় বিকাল ৫টায় সুইডিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে সাহিত্যের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। এর আগের বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার হান কাং, নরওয়ের ইয়োন ফসে এবং ফ্রান্সের অ্যানি এরনো এ পুরস্কারে ভূষিত হন।
