মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

ফন্ট সাইজ:

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী হয়েছে। অর্থবছরের তৃতীয় মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস বুধবার মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। গত ২০২৫-২৬ আর্থিক বছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে ৯ দশমিক ১৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮.৩২ শতাংশ, যা ছিল আট মাসের মধ্যে সবচেয়ে কম। পরের মাস আগস্টে কমে দাঁড়ায় ৮.২৬ শতাংশে।

বিবিএসের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ; আগের মাস আগস্টে হয়েছিল ৭ দশমিক শূন্য দুই শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ; আগস্টে হয়েছিল ৯ দশমিক ৩২ শতাংশ। চলতি ১লা জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় দেশে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরের কয়েক মাস সার্বিক মূল্যস্ফীতি ৯ থেকে ১০ শতাংশের মধ্যেই ওঠানামা করছিল।

সেপ্টেম্বরে গ্রামের পাশাপাশি শহরেও সার্বিক মূল্যস্ফীতির হার বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এ মাসে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। আগের মাস আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৩১ শতাংশ। যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য এক শতাংশ; খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বর মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ; খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। আগস্টে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ২০ শতাংশ। যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ৭ দশমিক শূন্য চার শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৯৭ শতাংশ।