হামলার মুখে ইরান যে সাহস দেখিয়েছে তার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি এ প্রশংসা করেন। একইসঙ্গে তেহরান ও মস্কোর কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ফোনালাপে পেজেশকিয়ান পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দুই নেতা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি’র আওতায় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেছেন।
এ ছাড়া ইরানের প্রেসিডেন্টের দপ্তরের এক্স পোস্টে বলা হয়, এই অঞ্চলের ‘বর্তমান পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের’ মধ্যেও তেহরান-মস্কোর সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুতিন।
তিনি আরও বলেন, কয়েকটি দেশ উত্তেজনা কমাতে ও মধ্যস্থতার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তাতে রাশিয়ার সমর্থন রয়েছে। ইরানের বন্ধুরা নিশ্চিত থাকতে পারেন, মস্কো সহযোগিতা করতে প্রস্তুত।
