ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য

ফন্ট সাইজ:

ইউরোপীয় পার্লামেন্টের ভবনে প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি নগ্ন সোনালি ভাস্কর্য। ‘অরেঞ্জ প্লেগ’ নামের ভাস্কর্যটিতে ট্রাম্পের হাতে রয়েছে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা ও একটি লম্বা গলফ ক্লাব। গলফ বলটিকে তৈরি করা হয়েছে পৃথিবীর আদলে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের স্ট্রাসবুর্গে পার্লামেন্টের দুটি ভবনের মধ্যকার ব্যস্ত একটি সংযোগস্থলে ভাস্কর্যটি বসানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হবে।

‘অন্যায়ের রাজা’ ট্রাম্প
ডেনমার্কের শিল্পী জেনস গালশিয়টের তৈরি ভাস্কর্যটিতে ট্রাম্পকে পোশাক পরা এক ছোট ব্যক্তির কাঁধে বসে থাকতে দেখা যায়। ভাস্কর্যটির পাদদেশে লেখা- ‘আমি একজন মানুষের পিঠে বসে আছি। আমার ভারে সে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করতে আমি যেকোনো কিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’
গালশিয়ট বলেন, নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জলবায়ু সংকট মোকাবিলায় ট্রাম্প অন্যতম বড় হুমকি। ২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো ভাস্কর্যটি তৈরি করতে অনুপ্রেরণা নেয়া হয়েছে বিখ্যাত রূপকথা ‘দ্য এমপেররস নিউ ক্লোদস’ থেকে। গল্পে নগ্ন এক সম্রাট নিজেকে দামি পোশাক পরা মনে করলেও শেষ পর্যন্ত একটি শিশু তার আসল অবস্থা প্রকাশ করে দেয়।

ডেনমার্কের বামপন্থি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পের ক্লসেনের আমন্ত্রণে ভাস্কর্যটি পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে। ট্রাম্পের প্রতিক্রিয়ার আশঙ্কা নিয়ে ক্লসেন বলেন, কেউ যদি এই ভাস্কর্য প্রদর্শন সহ্য করতে না পারেন, তাহলে বিশ্বমঞ্চে তার জায়গা নেই।
এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ এবং চলতি বছরের মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও ভাস্কর্যটি প্রদর্শিত হয়েছিল। তবে হোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
দর্শনার্থীদের প্রতিবাদের প্রতীক হিসেবে ভাস্কর্যটির ছোট সংস্করণ বিনামূল্যে দেয়া হচ্ছে। অনলাইনে এর নকশাও প্রকাশ করেছেন গালশিয়ট, যাতে মানুষ থ্রিডি প্রিন্টারে নিজেদের ভাস্কর্য তৈরি করতে পারেন।