শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে বহিষ্কারাদেশ দেয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এরপরও বিভিন্ন অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সাগরের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ওঠে নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনকে হুমকি দেয়ার। গত সোমবার (৫ অক্টোবর) নড়িয়ার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে বিরোধের পর এ অভিযোগ ওঠে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে মতিউর রহমান সাগরের হাতাহাতির ঘটনা ঘটে। পরে অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে পুলিশ অভিযোগ যাচাই করে কোনো সত্যতা না পাওয়ায় আব্দুস সালামকে ছেড়ে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনকে সাগর হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এদিকে সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দেয়ার অভিযোগও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে। বহিষ্কারাদেশে বলা হয়, মতিউর রহমান সাগরের এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারাদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন মতিউর রহমান সাগর। এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাকে ‘সাময়িকভাবে’ বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিকভাবে উপস্থাপন করা হলে বহিষ্কারাদেশ অচিরেই প্রত্যাহার হবে।
শরীয়তপুরে ওসিকে হুমকি, বহিষ্কার বিএনপি নেতা
শরীয়তপুর (নড়িয়া) প্রতিনিধি
বাংলারজমিন
৪৭ মিনিট আগে
৭ অক্টোবর (বুধবার), ২০২৬, ৪ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
