আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃ‌ত্তি পেলেন ঢাবির ৮ শিক্ষার্থী

আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃ‌ত্তি পেলেন ঢাবির ৮ শিক্ষার্থী

ফন্ট সাইজ:

‘আলী রীয়াজ স্নাতকোত্তরহ গবেষণা পুরস্কার ২০২৬’ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের ৮ শিক্ষার্থী। বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ২ জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার এবং ৬ জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি লাভ করেন।

গ‌বেষণা পুরস্কারপ্রাপ্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী অর্থী নবনীতা এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফারাহ জাহান শুচি তা‌দের গবেষণাপত্র উপস্থাপন করেন। 

বৃত্তিপ্রাপ্তরা হলেন- ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত এবং মুহাম্মদ মুযযাম্মিল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি’র রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ।

এতে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ বিনির্মাণে আলী রীয়াজ স্যারের যে অবদান এবং জুলাই গণঅভ্যুত্থানের পর ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অবদান, সেটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং স্যালুট জানাচ্ছি।

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আলী রীয়াজ স্যারকে যে— তিনি উপস্হিত থেকে এবং তার হাত থেকে শিক্ষার্থীরা পুরস্কার নিয়েছে। এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আপনার বিভাগকে আপনি সহযোগিতা করছেন।

শিক্ষার্থীদের উদ্দে‌শে ড. আলী রীয়াজ বলেন, এই পৃথিবীটা আপনাদের। আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, আমার যথেষ্ঠ বয়স হয়েছে। তাই এই পৃথিবী আমার নয়। এই পৃথিবীতে আপনারাই থাকবেন, আপনাদেরই তৈরি করতে হবে। কেন কিভাবে করবেন, সেই প্রশ্ন আপনাকে করতে হবে। তারুণ্য আপনাকে সাহস জোগাবে। পাশাপাশি মনে রাখতে হবে, তারুণ্যের এই সাহস যেন ঔদ্ধত্যে পরিণত না হয়। আপনাকে যুক্তি দিয়ে মোকাবিলা করতে হবে, আপনার যুক্তি হবে শাণিত; সেটা যেন তরবারিতে পরিণত না হয়।

তিনি আরও বলেন, ভিন্নমত থাকবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। ভিন্নমত মানেই শত্রু নয়। সেটা আপনাকে বিবেচনা করতে হবে। যে ভিন্নমত আপনি গ্রহণ করতে পারছেন না, তারও যৌক্তিকতা আছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজের অর্থায়নে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়। সেই তহবিল থে‌কে শিক্ষার্থীরা পুরস্কার ও বৃ‌ত্তি পেলেন।