Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
১৪ মিনিটে ৪ গোল ফ্রান্সের - MZamin
১৪ মিনিটে ৪ গোল ফ্রান্সের

বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয়

১৪ মিনিটে ৪ গোল ফ্রান্সের

ফন্ট সাইজ:

এক-দুই নয়, ম্যাচের শেষ ভাগে মাত্র ১৪ মিনিটের ব্যবধানে বেলজিয়ামের জালে চার গোল দিয়ে এক অবিশ্বাস্য জয় উপহার দিলো ফ্রান্স। উয়েফা নেশনস লীগের ম্যাচে পিছিয়ে থেকেও বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপ শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে ফরাসিরা। ঘরের মাঠ প্যারিসে প্রায় হারতে বসা ম্যাচে ফরাসিদের এই দুর্দান্ত প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ জিনেদিন জিদান। কোচ হিসেবে ঘরের মাঠে এটিই প্রথম জয় ফরাসি কিংবদন্তির। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও প্রথমার্ধে জালের দেখা পাচ্ছিল না ফ্রান্স। উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বার্কোলারা একের পর এক সুযোগ নষ্ট করার খেসারত দেয় ৩৫ মিনিটে। রোমিও লাভিয়ার দারুণ এক থ্রু পাস থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে বেলজিয়ামকে লিড এনে দেন দদি লুকেবাকিও। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সমতা ফিরছিল না। তখন ম্যাচের মোড় ঘোরাতে ৬০ মিনিটে মাইকেল ওলিসে, রায়ান শেরকি ও লুকাস দা কুনহা এবং ৭২ মিনিটে দেজিরে দুয়েকে বদলি হিসেবে নামান জিদান। কিংবদন্তির এই তিন বদলি সিদ্ধান্তই ম্যাচের সমীকরণ এক মুহূর্তে বদলে দেয়।

৭৭ মিনিটে দা কুনহার পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত এক বাঁ পায়ের নিচু শটে ফ্রান্সকে সমতায় ফেরান দুয়ে। এর ঠিক চার মিনিট পর ওলিসের কাটব্যাক থেকে বেলজিয়ান গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান বানান শেরকি। ৮৮ মিনিটে দুয়ের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় নিজের প্রথম এবং দলের তৃতীয় গোলটি করেন ওলিসে। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুয়ের বুক দিয়ে নামানো পাসে দ্বিতীয় গোল পূরণ করেন ওলিসে। ফলে মাত্র ১৪ মিনিটের ঝড়ে ৪-১ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি জিদান। তিনি বলেন, ‘আজ রাতে যা হলো, এটাই ফুটবল এবং এটাই আমরা ভালোবাসি। প্রথমার্ধে কিছু ভুলত্রুটি হলেও খেলোয়াড়রা প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে। যদিও বদলি খেলোয়াড়রা আজ মাঠে নেমে পার্থক্য গড়ে দিয়েছে। তবে বিগত দুই সপ্তাহ ধরে পুরো দল যে পরিশ্রম করেছে, তা সত্যি প্রশংসনীয়।’ জিদানের প্রশংসা কুড়ানো তারকা মাইকেল ওলিসে জয় শেষে কোচের কৌশলের প্রশংসা করে বলেন, এটা ছিল সম্মিলিত প্রচেষ্টা। তিনি (জিদান) নতুন ধারণা নিয়ে আসেন, আমরা সেগুলো অনুসরণ করি। গত চারটি ম্যাচে আমরা এটা ভালোভাবে করেছি এবং এভাবেই চালিয়ে যাবো। এই দুর্দান্ত জয়ের ফলে নেশনস লীগের ‘এ-১’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো ফ্রান্স। অন্যদিকে, সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে বেলজিয়াম। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। গ্রপে চার ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি তুরস্ক।