আবারো পাকিস্তানকে হারালো বাংলাদেশ

ফন্ট সাইজ:

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে আবারো হারালো বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশের মেয়েরা। ফয়সালাবাদে ২রা অক্টোবর পাকিস্তানকে ৩০ রানে হারায় বাংলাদেশ। গতকাল একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাটিং করেই জিতেছে মেয়েরা। এবার বাংলাদেশের জয় ১৩ রানে। ১৪০ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান ৬৯ রানের জুটি গড়েন। দশম ওভারের দ্বিতীয় বলে কোমলকে বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন কোমল। উদ্বোধনী জুটি ভাঙার পর আর কিছু করতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্বাগতিকেরা ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে আটকে যায়।

কোমলের ৩৬ রানই পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ। জুফিশান আয়াজ, রাভাইল উভয়ই ৩২ রান করেন। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া পাকিস্তানের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। নিশিতা আক্তার নিশি পেয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন তিনি। এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৯ রান। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। ৩৩ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। পাকিস্তানের রোজিনা আকরাম, মাহাম নাজাকাত দুটি করে উইকেট পেয়েছেন। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আগের ম্যাচে সম্ভাবনা জাগিয়ে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ বলে বাংলাদেশের কাছ থেকে জয় কেড়ে নেয় শ্রীলঙ্কা। আগামী পরশু ফের লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।