২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে কাতার ও ভারতসহ সাত দেশ

ফন্ট সাইজ:

অলিম্পিক গেমসের ২০৩৬ সালের আসর আয়োজনের লড়াইয়ে নেমেছে কাতার ও ভারতসহ মোট সাতটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আনুষ্ঠানিকভাবে এই দেশগুলোর নাম প্রকাশ করেছে। আইওসির প্রকাশিত তালিকা অনুযায়ী, কাতার ও ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, জার্মানি, হাঙ্গেরি এবং দক্ষিণ কোরিয়া। আগ্রহ প্রকাশের শেষ সময় চলতি আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত থাকায় এই তালিকায় আরও কিছু দেশের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাতারের এর আগে সফলভাবে ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০০৬ সালের এশিয়ান গেমস আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। তারা ২০৩০ সালের এশিয়ান গেমসেরও আয়োজক। অন্যদিকে, ভারত প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদকে কেন্দ্র করে এই বিড সাজানো হয়েছে, যা ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের মাধ্যমে অলিম্পিকের বড় মহড়া সেরে নিতে প্রস্তুত। তবে মধ্যপ্রাচ্যের অঞ্চলে গ্রীষ্মকালে তীব্র গরম থাকায় অলিম্পিকের ঐতিহ্যবাহী জুলাই-আগস্টের সময়সূচি পরিবর্তন করে অপেক্ষাকৃত ঠান্ডা মৌসুমে এই গেমস আয়োজন করতে হবে। আইওসি জানিয়েছে, ২০২৭ সালের মার্চ মাসে আগ্রহী দেশগুলোর মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর শুরু হবে অলিম্পিক কমিটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা। পর্যাপ্ত তহবিল, রাজনৈতিক এবং জনসাধারণের সমর্থনের মতো বিষয়গুলো যাচাই করে ২০৩৬ সালের স্বাগতিক চূড়ান্ত করা হবে। ২০২৮ সালে পছন্দের স্বাগতিকদের নাম ঘোষণা করা হতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০২৯ সালের মাঝামাঝিতে।
আইওসি সভাপতি কার্স্টি কভেন্ট্রি এক বিবৃতিতে বলেন, ‘গেমস যেখানেই হোক না কেন, একটি বিষয় কখনই বদলাবে না- অ্যাথলেটরা আমাদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দুতে থাকবে। এই কারণেই প্রতিটি ভবিষ্যৎ স্বাগতিকের জন্য অ্যাথলেটদের সর্বোত্তম অভিজ্ঞতা প্রদানই হওয়া উচিত মূল লক্ষ্য।’
২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের আসর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।