মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে সহকারী প্রেস সচিব ও মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন বেনি রে হারমনি। দায়িত্ব নেয়ার পরই রাইফেল হাতে ‘ফাক জো বাইডেন’ লেখা টি-শার্ট পরা তার একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। তবে হারমনির পাশে দাঁড়িয়েছে হোয়াইট হাউজ।
২৪ বছর বয়সী হারমনি এর আগে ডানপন্থি গণমাধ্যম ‘রিয়েল আমেরিকা’স ভয়েস’-এর হোয়াইট হাউজ করসপনডেন্ট ছিলেন। সম্প্রতি তিনি ট্রাম্প প্রশাসনের প্রেস টিমে যোগ দিয়েছেন। এরপরই ২০২১ সালের নভেম্বরের ওই ছবি নতুন করে আলোচনায় আসে।
ছবিতে বড়দিনের সাজসজ্জার সামনে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হারমনিকে। তার পরনে ছিল ‘ফাক জো বাইডেন’ লেখা টি-শার্ট এবং হাতে ছিল একটি রাইফেল।
উগ্র ডানপন্থি রিপাবলিকান নেতা জেরোম বেল ২০২১ সালের নভেম্বরে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
২০২২ সালের কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া বেল ওই পোস্টের ক্যাপশনে হারমনিকে নিজের প্রচার শিবিরের পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে হারমনি নিজেই পরোক্ষভাবে ছবিটির সত্যতা নিশ্চিত করেন। পরদিন একই পোশাক ও একই স্থানে তোলা আরেকটি ছবি পোস্টের মাধ্যমে তিনি ওই পোস্টের জবাব দেন।
ছবিতে থাকা বয়স্ক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক ব্যবহারকারী কটাক্ষ করে জানতে চান, ‘মেয়ে নাকি ডেট?’ জবাবে হারমনি লেখেন, ‘আংকেল’।
তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ট্রাম্প সমর্থকদের মধ্যে ‘ফাক জো বাইডেন’ স্লোগানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে পুরোনো ছবিটি নিয়ে হারমনি নিজে কোনো মন্তব্য করেননি।
তার নিয়োগের সমালোচনার জবাবে হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি হারমনির পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, হারমনি ‘মাগা’ আন্দোলনের একজন বিশ্বস্ত কণ্ঠস্বর এবং ট্রাম্পের যোগাযোগ দলে তিনি “চমৎকার ও যোগ্য সংযোজন” হবেন।
হারমনির লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি এর আগে ডানপন্থি সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর উপস্থাপক জ্যাক পোসোবিয়েকের প্রযোজক হিসেবে কাজ করেছেন। এছাড়া রিপাবলিকান কংগ্রেস সদস্য পল গোসার ও সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটজের প্রেস সহযোগীও ছিলেন।
এদিকে, হারমনির হোয়াইট হাউজের প্রেস টিমে যোগ দেয়ার সময় প্রশাসনের গণমাধ্যম নীতি নিয়েও বিতর্ক চলছে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন সমালোচনামূলক সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে তার প্রতি অনুগত সাংবাদিকদের বেশি সুযোগ দিচ্ছে।
নেতিবাচক সংবাদ পরিবেশনের অভিযোগে সিএনএন, পলিটিকো ও এমএস নাউকে হোয়াইট হাউজ থেকে নিষিদ্ধ করার চেষ্টা করেছেন ট্রাম্প। একই সঙ্গে তার উপদেষ্টারা বেছে বেছে ট্রাম্পপন্থি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
গত মাসে প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের বাঁ হাতে একগুচ্ছ কাগজ দেখা যায়। ওই সময় হারমনি ট্রাম্পকে একাধিক বন্ধুত্বপূর্ণ প্রশ্ন করেন।
সমালোচকদের মতে, প্রশ্নগুলো রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য আগে থেকেই সাজানো হতে পারে।
টিএমজেডের প্রতিবেদনে বলা হয়, অ্যাসোসিয়েটেড প্রেসের ছবিতে ট্রাম্পের হাতে থাকা প্রথম কাগজটির ওপরে হারমনির নাম দেখা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার সময় ট্রাম্পের হাতে হারমনির জীবনবৃত্তান্তও ছিল।
