রাজধানীর কাফরুল থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে মিরপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে মাহমুদুল হাসান(৪২) নামের ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
মাহমুদুল হাসান এসআই হিসেবে রাজধানীর ভাষানটেক থানায় কর্মরত ছিলেন। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনে থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে মরদেহ উদ্ধারের বিষয়ে বলেন, গতকাল রোববার বিকেলে হাসপাতাল থেকে মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, বাসায় যখন কেউ ছিল না, তখন মাহমুদুল হাসান গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তার ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মাহমুদুল হাসানের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
রাজধানীতে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৫ অক্টোবর (সোমবার), ২০২৬, ৪ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
