মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট সুনীল কুমার দাশ, জেলা জামায়েতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ বছর জেলার ৭টি উপজেলা সার্বজনীন ও ব্যক্তিগত মিলে সর্বমোট ১০১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।