সীতাকুণ্ডে ৯ ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক অভিযান

ফন্ট সাইজ:

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসকের ঘোষিত সাত দিনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম শেষ করেছে সীতাকুণ্ড পৌরসভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। গত ২৬শে সেপ্টেম্বর জেলা প্রশাসক পৌর এলাকায় এসে কলেজ রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি টানা সাত দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সাত দিনের নির্ধারিত কর্মসূচি শেষ হলেও বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিষ্কারের মাধ্যমে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেয়া হয়েছে। পৌরসভার এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুর ঝুঁকি কমার পাশাপাশি পৌর এলাকার পরিবেশও স্বাস্থ্যকর হবে। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মসূচি শেষ হওয়ার পরও পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হোক।