সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

ফন্ট সাইজ:

নানা আয়োজনের মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার র‌্যালিতে নেতৃত্ব দেন। এতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রধান ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে কেক কেটে অনুষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। দেশের কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।