নেত্রকোণার মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে শাহাদাত হোসেন নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন বিকালে মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, রোববার দুপুরে মাহমুদপুর গ্রামের শাহ-জামালের দুই বছর বয়সের শিশুপুত্র শাহাদাত হোসেন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তারা পুকুরের পানিতে নেমে বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় শিশু শাহাদাতকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, থানায় নিহত শিশুটির লাশ সুরতহাল রিপোর্ট তৈরির পর আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
