সেপ্টেম্বরে সিলেটের সড়কে ২৬ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে। সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই সিএনজি ও টমটমের চালক ও আরোহী। সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজার জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। প্রতিবেদনে সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলানো, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটমচালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন চালক ও ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৮টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।