জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আমাদের রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, আমরা একে অপরের সমালোচনা করবো কিন্তু সমাজ থেকে মাদক নির্মূলে এক হয়ে কাজ করতে চাই। মাদকের কারণেই সমাজে কিশোর অপরাধ বাড়ছে। এটাকে আর বাড়তে দেয়া যাবে না। দেশের প্রত্যেক জায়গা কিশোর গ্যাংদের আইনের আওতায় আনা হচ্ছে। আমি কোনো দল বুঝি না। অপরাধী যে দলের হোক আমরা সকলের সহযোগিতায় তাদের আইনের আওতায় আনতে চাই। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আশরাফ উদ্দিন নিজান বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন। আমরা ভুল-ভ্রান্তি শুধরিয়ে দেশকে সামনে আগানোর চেষ্টা করছি। কিন্তু শত শত গাড়ি হাঁকিয়ে জনগণকে ভুল বুঝিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করবেন না। দেশকে এগিয়ে নিতে তিনি বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবে এলাহি, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, কৃতী শিক্ষার্থী নাদিয় সুলতানা ও আফরিন জান্নাত মিম।
