তল্লাশি চলাকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকও আহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফেনীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামে। তার বাবা মৃত নুরুদ্দীন আহমেদ। আহত ট্রাকচালক মো. সজিব বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফতেহপুর এলাকায় এসআরবি-৭-এর একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে গাড়িটি থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিগন্যাল অমান্য করে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এরপর ট্রাকটির চালক স্টিয়ারিং ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সড়কের বাম পাশে ডিউটিরত এসআরবি সদস্য ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে সজোরে ধাক্কা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হন এবং ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে চালক মো. সজিবও আহত হন। পরে টহলরত এসআরবি সদস্য ও সহকর্মীরা আহত দু’জনকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে আলমগীরকে মৃত ঘোষণা করা হয়।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নোমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দু’টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ফেনী এসআরবি-৭-এর অধিনায়ক মিজানুর রহমান জানান, নিহত অফিসারের পরিবারকে খবর দেয়া হয়েছে। চট্টগ্রাম হেড অফিসে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
