চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেয়ার পথে বিপজ্জনক রাসায়নিক বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন গাড়িতে থাকা রাসায়নিকের ড্রাম পর্যন্ত ছড়ায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিক অপসারণের কার্যক্রম শুরু করে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম ধাপে বন্দর থেকে ৯টি কন্টেইনার সরানোর উদ্যোগ নেয়া হয়। রাসায়নিক ধ্বংসের কার্যক্রম তদারকিতে গঠিত কমিটির সদস্য সচিব রাসেল আহমেদ জানান, চট্টগ্রাম বন্দর থেকে মোট ছয়টি কন্টেইনার ও তিনটি কাভার্ডভ্যানে করে এসব মালামাল নারায়ণগঞ্জে নেয়া হচ্ছিল। আগুন লাগা কাভার্ডভ্যানটিতে থাকা ড্রামগুলো বর্তমানে খালি ছিল। অতীতে এসব ড্রামে রাসায়নিক সংরক্ষণ করা হলেও নিরাপদভাবে ধ্বংসের জন্য সেগুলো নির্ধারিত স্থানে নেয়া হচ্ছিল। তিনি আরও জানান, ঘটনাস্থল সরজমিন পরিদর্শন ও পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটির একটি দল পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব কন্টেইনারে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, মিথানল ও থিনারসহ বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক রয়েছে। বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নেয়া হচ্ছে। সেখানে এগুলো নিরাপদভাবে ধ্বংস করার কথা রয়েছে। দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক এসব রাসায়নিক অপসারণের উদ্যোগের মধ্যেই পরিবহনের পথে কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।
