কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে চরাঞ্চলের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীর সদস্য টুয়েল এবং বিএনপি নেতাসহ ১৮ জন গ্রেপ্তার হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানে জোড়া খুনসহ একাধিক মামলার আসামি টুয়েল এবং মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনি ফরাজীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া মনি ফরাজী মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঝালু ফরাজীর ভাই এবং সন্ত্রাসী টুয়েল একই এলাকার আলাই ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন, ৬ বোতল স্কাপ কফ সিরাপসহ ১ জন, জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা মনি ফরাজীসহ ৭ জন, মাদকসেবনের অভিযোগে ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জনসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। মরিচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, রাতে পুলিশের অভিযানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনি ফরাজী এবং কাকন বাহিনীর সদস্য টুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে প্রায় ৮০ জন পুলিশ সদস্য নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অভিযান জোরদার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষ করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
