চীনের শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে গতকাল পর্দা নেমেছে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের। পালমো মিজুহো অ্যাথলেটিক পার্কে জমকালো সমাপনী অনুষ্ঠানে ছিল মার্চ পাস্ট। তবে সেখানে বাংলাদেশের হকি দলের দেখা মেলেনি। খেলা শেষ করে আজ দেশে ফেরার ফ্লাইট থাকায় সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়নি তারা। শেষ দিনে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল ক্রিকেটার লিটন কুমার দাসের হাতে। মার্চ পাস্টে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তাদের সংখ্যাই ছিল বেশি।
২২টি ডিসিপ্লিনে বড় বহর নিয়ে জাপানে এসেছিল বাংলাদেশ। কিন্তু গেমস শেষে প্রাপ্তির খাতা প্রায় শূন্য। উশুতে পাওয়া একমাত্র ব্রোঞ্জটি এসেছে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করেই। ৩৭টি পদকজয়ী দেশের তালিকায় তাই একেবারে তলানিতে বাংলাদেশ। মাত্র ১০টি ডিসিপ্লিনে অংশ নেয়া নেপালও দুই ব্রোঞ্জ জিতে বাংলাদেশের ওপরে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের ব্যবধানটা চোখে পড়ার মতো। ভারত ২২ সোনাসহ জিতেছে ৮৭টি পদক। পাকিস্তানের ঝুলিতে দুটি রৌপ্যসহ ১০টি পদক। শ্রীলঙ্কা পেয়েছে একটি সোনা, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে থাকতে চেয়েছিল হকি দল। নানা অজুহাতে তখন তাদের সুযোগ দেয়া হয়নি। তাই সমাপনীতে ছিলেন না তারা। সমাপনী অনুষ্ঠানে না থাকার কারণ জানিয়ে বাংলাদেশ পুরুষ হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে রাখা হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানের চার দিন পর আমাদের খেলা ছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন চাইলে রাখতে পারতো। সমাপনী অনুষ্ঠানে অংশ নিলে নাগোয়ায় গিয়ে আবার গিফুতে ফিরতে হবে। পরদিনই দেশে যাওয়ার ফ্লাইট। খেলোয়াড়দের জন্য বিষয়টি কঠিন। তাই আমরা সমাপনীতে যাইনি।’
হকি দলের এমন সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘হকি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আসেনি, তারা যা করেছে সেটা শৃঙ্খলা পরিপন্থী। দেশে ফিরে আমরা সব দলের শৃঙ্খলার বিষয় পর্যালোচনা করবো।’ এদিকে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাবাহক হিসেবে লিটনকে বেছে নেয়াটাও তৈরি করেছে ভিন্ন আলোচনা। সোনা জয়ের লক্ষ্য নিয়ে আসা বাংলাদেশ ক্রিকেট দল ফাইনালেই উঠতে পারেনি। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও দ্বিতীয় সারির শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য। এশিয়ান গেমসের ক্রিকেটে এবারই প্রথম পদকহীন ফিরতে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। তাঁর অধিনায়কত্ব ও আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন। ক্রিকেট দলের ব্যর্থতার পর পতাকাবাহক পরিবর্তনের চেষ্টা করেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ বলেন, ‘ক্রিকেটে পদক আসবে- এটা ভেবেই আমরা ক্রিকেট দলের অধিনায়ককে পতাকার জন্য মনোনীত করেছিলাম। কয়েক দিন আগেই আয়োজকদের কাছে নাম দেয়া হয়েছে এবং প্রক্রিয়াটিও চূড়ান্ত হয়েছে।’
শেষ মুহূর্তে পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল জানিয়ে জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা অলিম্পিক কাউন্সিল অব এশিয়াকে আরও দুটো নাম দিয়ে পতাকাবাহক পরিবর্তনের অনুরোধ করেছিলাম। শেষ মুহূর্তে তারা আমাদের কিছু জানায়নি।’
২২ ডিসিপ্লিনে ১৮৭ ক্রীড়াবিদকে নিয়ে জাপানে এসেছিল বাংলাদেশ। গেমস শেষ, শেষ হয়েছে খেলোয়াড়দের লড়াইও। পদকের খাতা প্রায় শূন্য, ক্রিকেটে হতাশা, হকিতে সমাপনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক-সব মিলিয়ে এবারের এশিয়ান গেমস বাংলাদেশের জন্য রেখে গেল একগুচ্ছ প্রশ্ন।
