আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ দল। তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে দলের সঙ্গে যেতে পারেননি। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন অধিনায়ক শান্ত। চিকিৎসকরা জানান তিনি ভাইরাসমুক্ত হয়েছেন। আবুধাবিতে দলের সঙ্গে তিনি যোগ দেবেন কিনা তা নির্ভর করছে মেডিকেল বিভাগ এবং তার (শান্ত) ইচ্ছার ওপর। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, শান্ত ডেঙ্গু থেকে রিকভার করেছেন।
মাঠে পাঁচ দিন খেলার সক্ষমতা যাচাই করা হচ্ছে। এশিয়ান গেমসে জাপানের নাগোয়াতে খেলার সময় শান্তর জ্বর আসে। রক্ত পরীক্ষা করে সংক্রমণ পাওয়া যায়। ইনফ্লুয়েঞ্জা ও কোভিডের ফল নেগেটিভ আসে। তাকে দেশে ফেরত পাঠানো হয়। এখন তিনি ব্যাটিং অনুশীলন করছেন। মেডিকেল টিম তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের কাছ থেকে সম্মতি পেলে ছয় বা সাত তারিখে তিনি দুবাই রওনা হবেন। ৯ তারিখে টেস্ট শুরু হবে। তার আগে দুবাইয়ে চার ও পাঁচ তারিখে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দল। অধিনায়ককে ছাড়া দলের সদস্যরা এক তারিখে দুবাই গিয়েছেন। শান্তকে নিয়ে বাশার বলেন, ‘ক্লিনিক্যালি তো হি ইজ রিকভার্ড। এখন ওর উইকনেসটা কী অবস্থায় আছে, সেটা আস্তে আস্তে ডাক্তাররা ডিসাইড করবে।’
শান্তর ক্ষেত্রে বিসিবি চিকিৎসা বিভাগের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। বাশার বলেন, ‘ডিসিশন তো আমরা নেব না, এটা তো মেডিকেলের ডিসিশন। হয়তো আজ-কালের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ।’ টেস্ট ম্যাচ শুরুর আগে সময় হাতে রয়েছে। টিম ম্যানেজমেন্ট শান্তর পুনর্বাসন প্রক্রিয়া মাঠে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকরা প্রতিদিন আপডেট দিচ্ছেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, ‘শান্ত এখন পুরোপুরি সুস্থ আছেন। আমাদের দিক থেকে তার খেলতে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। আমরা ম্যানেজমেন্টকে জানিয়ে দেব, তারাই তার যাওয়ার সিদ্ধান্ত নেবে।’ তবে গুঞ্জন রয়েছে শান্তর না খেলার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে নির্বাচক বাশার বলেন, ‘শান্ত তো অনুশীলন শুরু করেছে। এখন দেখি ও কেমন অনুভব করছে। যদি ও ভালোবোধ করে, তবে ৬ বা ৭ তারিখের (অক্টোবর) দিকে যেতে পারে।’ আরব আমিরাতে না যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না এই বিষয়ে বাশার জানান, ‘এটি পুরোপুরি ওর ওপরই নির্ভর করছে, ও কেমন ফিল করছে। শারীরিকভাবে, মানে ক্লিনিক্যালি ও একদম ঠিক আছে। ডেঙ্গু থেকে রিকভারও করে উঠেছে। তবে ওর শরীর এখন কতখানি সাড়া দিচ্ছে, তার ওপরই সবকিছু নির্ভর করছে। সিদ্ধান্তটি মূলত ওর এবং মেডিকেল বিভাগের।’
জাপানের নাগোয়ায় ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে গিয়েছিলেন শান্ত। সেখানে পৌঁছানোর পর তিনি চার দিন ধরে জ্বরে ভোগেন। রক্ত পরীক্ষা করার পর শরীরে ইনফেকশন বা সংক্রমণ ধরা পড়ে। ইনফ্লুয়েঞ্জা ও কোভিডের পরীক্ষার ফল নেগেটিভ আসে। দুর্বলতা বৃদ্ধি পাওয়ায় বিসিবি চিকিৎসা কমিটির পরামর্শে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেশে ফেরত আনা হয়। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতির কথা ভেবে তাকে দেশে পাঠানো হয়। এখন বিসিবির দৃষ্টি আবুধাবি টেস্টের দিকে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৯ থেকে ১৩ই অক্টোবর অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। টেস্ট শেষ করে বাংলাদেশ দল ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলবে। ১৭ অক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত চলবে ওয়ানডে টুর্নামেন্ট। টুর্নামেন্টের অন্য দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ১৭ই অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯শে অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১শে অক্টোবর শারজাহ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ২৩শে অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
