এশিয়াডে পদকজয়ী উশুকা জিন্নাতকে সংবর্ধনা

এশিয়াডে পদকজয়ী উশুকা জিন্নাতকে সংবর্ধনা

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে পুরস্কার হিসেবে তাকে দেয়া হয়েছে এক লাখ টাকা। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে জিন্নাত আক্তারের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন জিন্নাত। দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদক পেলেন বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ।

জিন্নাতের আগে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন। তিনি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক পান। এরপর চার দশক ধরে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে আর কোনো পদক আসেনি। প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন জিন্নাত। সেখানে তার প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার থারিসা ফ্লোরেন্তিনা নির্ধারিত ওজনের বেশি হওয়ায় প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। ফলে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত হয় বাংলাদেশি উশুকা জিন্নাতের। সেমিফাইনালে চীনের ইউ ডির মুখোমুখি হন জিন্নাত। তবে ০-৪ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। নিজের প্রথম আন্তর্জাতিক গেমসে পদক পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই উশুকা।