টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাজীব হোসেন (২৯) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডের শাপলা স্টিল দোকানের পাশে ফাঁকা জায়গায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মিন্টু (৩৮) কালিহাতী উপজেলা এলেঙ্গা উত্তরপাড়া গ্রামের শহীদের ছেলে ও ফারুক মণ্ডল (৩৩) একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
নিহত ট্রাকচালক রাজীব হোসেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাকচালক রাজীব হোসেন কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাক থেকে নেমে এলেঙ্গা শাপলা স্টিল দোকানের পাশে ফাঁকা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যান। পরে ট্রাকের কাছে ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে ট্রাকচালক রাজীব হোসেনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
