উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা ও হিরালদী এলাকায় কথিত মামলা-বাণিজ্য, হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় তারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। রোববার সাউতিকান্দা ও হিরালদী এলাকার চার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মিজানুর রহমান হাওলাদার, শাহীন হাওলাদার, ফরিদুজ্জামান লাবলু, সোবাহান মাতুব্বর প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এলাকায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা, কাল্পনিক অভিযোগ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের অভিযোগ, একই ঘটনার বিষয়ে থানায় দেয়া অভিযোগ এবং পরবর্তীতে আদালতে দায়ের করা মামলার মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে। এদিকে চলতি বছরের জুন মাসে হিরালদী গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ এবং পরবর্তীতে আদালতে দায়ের করা নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী।
তাদের দাবি, একই ঘটনার দুই অভিযোগে আসামি ও অভিযোগের বিবরণে পার্থক্য রয়েছে। বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল ডিটেইলস (সিডিআর) ও অন্যান্য বস্তুনিষ্ঠ আলামত যাচাই করা প্রয়োজন। মানববন্ধনে বক্তারা বলেন, মামলা ও অভিযোগের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হলে এলাকায় সামাজিক অস্থিরতা বাড়বে এবং শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হবে।
