পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবি

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। গতকাল সকাল ১০টায় কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের দায়িত্বকালে প্রতি বছর ফলাফলে বিপর্যয় ঘটছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয়েছে এবং সীমাহীন দুর্নীতি ও নোংরা রাজনীতি প্রতিষ্ঠা পেয়েছে। কর্মসূচি চলাকালে হঠাৎ প্রতিপক্ষের একটি গ্রুপ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানার ছিনতাই করে নিয়ে যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কলেজে প্রবেশ করেন।

অন্যদিকে এর আগের রাতে কলেজে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। কলেজের নৈশপ্রহরী আবু তাহের ও মহিজ উদ্দিন জানান, গত ৩রা অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হেলমেট পরা ২ জন লোক অধ্যক্ষের কক্ষের দরজায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। কলেজ ভালোভাবেই চলছে, কোনো দুর্নীতি হয়নি। তিনি আরও বলেন, এর আগে এই কলেজে অধ্যক্ষ হিসেবে দু’জনকে নিয়োগ দিয়ে পাঠানো হলেও একজন যোগদান করতে পারেননি এবং অপরজন একদিন পরই প্রত্যাহার হয়ে যান। এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ও অনুমতি নিয়ে এবং তার সঙ্গে কথা বলে আসতে হবে। এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।