ময়মনসিংহের নান্দাইলে ৯ বছর বয়সী হেফজখানার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবু সাইদ পলাতক রয়েছেন। শনিবার রাতে নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থান সংলগ্ন ‘বাইতুস রাসূল (সা.) মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর স্বজনেরা জানান, শনিবার রাতে শিশুটিকে দেখতে মাদ্রাসায় গিয়ে অসুস্থ অবস্থায় পান তার বাবা। বাড়িতে নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি ও রক্তপাত শুরু হলে শিশুটি তার মাকে নির্যাতনের বিষয়টি জানায়। সে অভিযোগ করে, শিক্ষক আবু সাইদ তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক নির্যাতন চালান এবং কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেন।
শিশুর বাবা এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসেন বিল্লাল জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
