কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি এবং তথ্য জালিয়াতির মামলায় ললিত সরকার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি রোববার বিকালে জানাজানি হওয়ার পর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডকিপার দীপালী রানী পাল বাদী হয়ে শুক্রবার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ললিত সরকারের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ললিত সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে কিশোরগঞ্জের পূর্ব তারাপাশা এলাকার মৃত সুদন সরকারের ছেলে। মামলার এজাহারে বলা হয়েছে, গত পহেলা অক্টোবর সকালে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ পপি সাহা রেকর্ডকিপার দিপালী রানী পালকে জানান যে, গত ৩০শে সেপ্টেম্বর ললিত সরকার সাব-রেজিস্ট্রি অফিসের সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮ এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা (মোট ৮ পৃষ্ঠা) ছিঁড়ে নিয়ে তার বাসায় হাজির হন এবং সেটির একটি অবিকল নকল কপি তৈরি করে দেয়ার অনুরোধ জানান। তবে বালামের পাতার লেখা কাটাছেঁড়া ও নাম-ঠিকানা পরিবর্তন করা দেখে এবং সরকারি নথি একজনের ব্যক্তিগত হাতে আসায় পপি সাহার সন্দেহ হয়।
তিনি ওই দলিলের নকল লিখতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে রেকর্ডকিপার দিপালী রানী পাল বিষয়টি যাচাই করতে বালাম নম্বর-৫৮ পরীক্ষা করে দেখেন যে ৩৯ থেকে ৪৬ নম্বর পর্যন্ত পৃষ্ঠাগুলো বালাম বইয়ে অনুপস্থিত। দীপালি রানী পালের ধারণা, গত ২৫শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে ললিত সরকার অজ্ঞাত আসামিদের সহযোগিতায় অফিসে প্রবেশ করে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে বালাম বইয়ের ওই অংশটি চুরি করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
