কেন বুরকিনা ফাসো অ-২৩ দলের সঙ্গে খেললো আর্জেন্টিনা

কেন বুরকিনা ফাসো অ-২৩ দলের সঙ্গে খেললো আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তবে বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে এই একপেশে ম্যাচ শেষে আলোচনা তুঙ্গে আফ্রিকান দেশটির দল গঠন নিয়ে। এয়ারলাইন্স জটিলতায় জাতীয় দলের বেশির ভাগ ফুটবলার ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায়। ম্যাচ শুরুর মাত্র পাঁচ ঘণ্টা আগে পৌঁছানো অনূর্ধ্ব-২৩ দল নামিয়ে দেয় তারা। অভিজ্ঞতা ও শক্তিতে যোজন যোজন পিছিয়ে থাকা সেই অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আক্রমণের ঝড় তুলে বড় জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

ম্যাচ শুরুর আগে চার্টার বিমান জটিলতার কারণে বুরকিনা ফাসোর জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় বুয়েনস আয়ার্সে আসতে রাজি হননি। কোচ আমির আব্দোউ অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজান। যদিও দলটিকে সরাসরি অনূর্ধ্ব-২৩ দলও বলা যাবে না। মূল দলের মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়া স্কোয়াডে ছিলেন। ফ্লাইট বিড়ম্বনার কারণে দীর্ঘ ভ্রমণ শেষে মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে ম্যাচ শুরুর মাত্র ৫ ঘণ্টা ১৫ মিনিট আগে আর্জেন্টিনায় পৌঁছায় দলটি। ফলে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও অনভিজ্ঞ অনূর্ধ্ব-২৩ ডিফেন্স নিয়ে বিশ্বকাপ রানার্স-আপ আর্জেন্টিনার ধারালো আক্রমণের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। ফিফার বিশেষ অনুমতিতে ম্যাচটি পূর্ণ আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে।

প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাচের ৪র্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শুভ সূচনা করেন লাওতারো মার্টিনেজ। ৯ মিনিটে ডিফেন্ডার মাউমানি দিয়ালোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ১৩ মিনিটে প্রেস্তিয়ান্নি, ৩৫তম মিনিটে নিকো পাজ এবং ৩৬তম মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করেন।
দ্বিতীয়াধে মূল একাদশের প্রায় সবাইকে তুলে নিয়ে তরুণদের বাজিয়ে দেখেন স্কালোনি। বদলি নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ৫৭ মিনিটে ও যোগ করা তৃতীয় মিনিটে জুলিয়ানো সিমিওনে বাকি দুটি গোল করেন। স্কালোনি যুগে এটি যৌথভাবে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ২০২৩-এ কুরাসাওয়ের বিপক্ষেও একই স্কোরলাইনে জয় তুলে নেয় তৎকালীন বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটি স্টেডিয়ামও কম হতো’
আগামী বুধবার বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। বুরকিনা ফাসোকে হারানোর পর কোচ লিওনেল স্কালোনি বলেন, এই একটিমাত্র স্টেডিয়াম তার বিদায়ের জন্য যথেষ্ট নয়। চাইলেই এমন পাঁচটি স্টেডিয়ামের টিকিট বিক্রি করা সম্ভব হতো।

ম্যাচ শেষে আবেগপ্রবণ স্কালোনি বলেন, ‘মাঠে মেসি যা করে, তা অন্য কারও মধ্যে দেখিনি। সে চলে গেলে যে শূন্যতা তৈরি হবে, তার কোনো বিকল্প নেই।’ ২০৭ ম্যাচে ১২৫ গোল করা এলএমটেনের পেশাদারিত্ব ও সতীর্থদের জন্য রেখে যাওয়া উদাহরণ স্মরণ করে আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘ (অনুশীলনে) সে সবার আগে আসতো এবং সবার শেষে যেতো। তার বিদায়ী মুহূর্তটি সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।’