প্রবাসীদের কথা শুনতে জেলায় জেলায় ডিসিদের নেতৃত্বে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন- প্রবাসীরা যাতে সুনির্দিষ্ট একটি জায়গায় তাদের অভিযোগ, আর্জি জানাতে পারেন সেজন্য এ কমিটির সদস্যরা সরাসরি কথা শুনবেন। পরবর্তীতে তারা এসব অভিযোগ নিয়ে কাজ করবেন। মন্ত্রী শনিবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলের বলরুমে এনআরবি বিজনেস নেটওয়ার্কের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন- বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে এবং তাদের কল্যাণে একের পর এক পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগুচ্ছে, অতীতের সরকার এমনটি করেনি। তারেক রহমান সরকার প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে।
এ কার্ড অন্যগুলোর মতো সাধারণ হবে না। এ কার্ডে প্রবাসীদের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকবে। সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হসপিটাল করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ‘ইউকে এনআরবি সোসাইটি’র পরিচালক এম আহমদ জুনেদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ওয়েছ খছরু ও সিলেট বেতারের ঘোষক রুহেনা সুলতানার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসা চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক সামা হক চৌধুরী, বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার এবং সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
এ ছাড়া সিলেট চেম্বারের সাবেক পরিচালক এহতেশামুল হক, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আব্দুল জব্বার জলিল, জালালাবাদ এসোসিয়েশনের প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেটের মহাসচিব আব্দুর রহমান রিপন, হেক্সাসের প্রধান কর্ণধার সুলতান আহমদ বক্তব্য রাখেন। ব্যতিক্রমী এ আয়োজন প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। বিশেষ এ সভায় আলোচকরা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
