নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, আহত ১০

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গোলাগুলি, আহত ১০

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন চরলাপাং গ্রামের ফুল মিয়া (৬০) ও একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। গত শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের অহিদ মিয়ার সঙ্গে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ট্রাক্টর ভাড়া দেয়ার ব্যবসার সঙ্গে জড়িত।

সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হালচাষ দেয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এ নিয়ে অহিদ মিয়া ও তার ভাই উবায়দুলের সঙ্গে মুসলেম মিয়ার পক্ষের বিরোধ সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয়দের অভিযোগ, এরই জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর এলাকা থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হলে ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত নবীনগর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।