চলতি বছরে ডেঙ্গুতে মমেক হাসপাতালে প্রাণ গেল ২৫ জনের

চলতি বছরে ডেঙ্গুতে মমেক হাসপাতালে প্রাণ গেল ২৫ জনের

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৫ জন ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে। রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর নাম খালেদা বেগম। তার বয়স ৫৫ বছর।

তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। খালেদা বেগম গত ২রা অক্টোবর বিকাল ৪টা ৫০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৩রা অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১১ জন শিশু।