১৩তম দিনে গড়ালো চুয়েটের আন্দোলন

১৩তম দিনে গড়ালো চুয়েটের আন্দোলন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১৩তম দিনে গড়িয়েছে। একই দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে। রোববার শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে।

চুয়েটের সহকারী অধ্যাপক সামিউন বাসির জানান, শনিবার শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনায় অংশ নেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। তিনি বলেন, ‘আমরা দাবির পক্ষে বিভিন্ন যুক্তি ও বাস্তবতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। তারা বিষয়টি ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আমাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন।’

সামিউন বাসির আরও বলেন, ‘আমরা আশা করছি, উপস্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।’ এদিকে, উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।