ফ্লাইদুবাই ছিনতাইচেষ্টা নিয়ে আল-কায়েদার উল্লাস

নতুন হামলার ডাক

ফ্লাইদুবাই ছিনতাইচেষ্টা নিয়ে আল-কায়েদার উল্লাস

ফন্ট সাইজ:

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার প্রশংসা করেছে আল-কায়েদা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমানকে লক্ষ্য করে একই ধরনের হামলা চালানোর আহ্বান জানিয়েছে সন্ত্রাসী সংগঠনটি। সাম্প্রতিক এক প্রচারপত্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চালানো হামলার প্রসঙ্গও টেনেছে তারা।
‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার সমর্থকদের পরিচালিত সাপ্তাহিক প্রকাশনা ‘আল-বায়ান’-এর সর্বশেষ সংস্করণে এই আহ্বান জানানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ে প্রকাশনাটি চালু করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, প্রকাশনাটিতে ৯/১১ হামলা এবং সম্প্রতি দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩-এর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার ঘটনা পাশাপাশি তুলে ধরা হয়েছে।

প্রকাশনাটিতে একটি ছবিতে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে বিমান আছড়ে পড়ার দৃশ্যের সঙ্গে ফ্লাইদুবাইয়ের ঘটনার ইঙ্গিতবাহী আরেকটি ছবি ব্যবহার করা হয়েছে। এতে সমর্থকদের মার্কিন, ইসরাইলি এবং ইসলামবিরোধী হিসেবে বর্ণিত অন্যান্য ব্যক্তিদের বহনকারী বিমানকে লক্ষ্য করার আহ্বান জানানো হয়েছে।
ফ্লাইদুবাইয়ের ওই হামলাকারীর প্রশংসাও করেছে প্রকাশনাটি। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে সংঘাত এখনও শেষ হয়নি। শনিবার আল-কায়েদার টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রচারপত্রটি ছড়িয়ে দেয়া হচ্ছিল। পরে সেটি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।