আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও জরুরি

ত্রিবেদীর বক্তব্যের জবাবে শামা

আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও জরুরি

ফন্ট সাইজ:

ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশে বিচারাধীন আসামিদের প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি দিল্লির রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, আসামিদের ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা আরও দ্রুত সম্পন্ন করতে ভারত সরকার নজর দেবে বলে আশা করে ঢাকা। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের ফেরত আনা সম্ভব বলেও জানান তিনি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ এসব কথা বলেন।
এর আগে শনিবার এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেন, ২০২৪ সালে শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেয়া ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ছিল না। পাশাপাশি হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়া বলেও মন্তব্য করেন ত্রিবেদী। তার এই বক্তব্যের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করেন।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছেই। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে।
শামা ওবায়েদ বলেন, ভারত যে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়।
প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই আসামিদের দেশে ফেরত আনা সম্ভব বলে মনে করেন প্রতিমন্ত্রী।