হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইফার এডভোকেসি ও পরিকল্পনা সভা

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইফার এডভোকেসি ও পরিকল্পনা সভা

ফন্ট সাইজ:

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ইসলামিক ফাউন্ডেশনে এডভোকেসি ও পরিকল্পনা সভা রোববার ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

অনুষ্ঠানে সরকারের যুগ্ম সচিব ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক (সমন্বয়) মোঃ মহিউদ্দিন,ইউনিসেফের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সরোয়ার আলম। সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ইউনিসেফের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ডাঃ মোঃ শামছুজ্জামান।

সভায় হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি, টিকাদানের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ধর্মীয় নেতা ও ইমামদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইপিআই, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. রাজিব সরকার হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
বক্তারা বলেন, শিশুদের হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান বিষয়ে মানুষের মধ্যে বিদ্যমান ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করতে ইমাম, খতিব, আলেম-ওলামা এবং ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মসজিদভিত্তিক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করা সম্ভব।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করেন ইউনিসেফ বিসিও-এর এসবিসি অফিসার এ আর এম এম কামাল। প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দেশের মসজিদ, ইমাম ও খতিবদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। তিনি হাম-রুবেলার টিকাদান কর্মসূচি সফল করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।