ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। রোববার (৪ অক্টোবর) নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। খবর বার্তাসংস্থা এএনআই’র।
এদিন সাক্ষাতের সময় জয়শঙ্কর রিয়াজ হামিদুল্লাহর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি দায়িত্ব পালনকালে তার অবদানেরও প্রশংসা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, ‘বিদায়ী সাক্ষাৎ করতে আসা বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার অবদানের প্রশংসা করছি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানাচ্ছি।’
গত বছরের এপ্রিলে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন রিয়াজ হামিদুল্লাহ। এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকার এখন রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। সেই সঙ্গে তার স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আসাদ আলম সিয়ামের নিয়োগে ইতোমধ্যে ভারতের সম্মতিও পাওয়া গেছে। আগামী মাসে তিনি নয়াদিল্লিতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
