যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ভোট টানতে একের পর এক অর্থ সহায়তার ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘মেডিকেয়ার পার্ট-বি’র প্রিমিয়াম বা কিস্তি পরিশোধে সহায়তার জন্য দেশটির প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। এ খবর প্রকাশ করেছে সিএনএন ও বার্তা সংস্থা এপি।
হোয়াইট হাউস জানায়, ২০০৮ সালে কংগ্রেস কর্তৃক প্রতিষ্ঠিত ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে এই অর্থ প্রদান করা হবে। অক্টোবরের শুরু থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অথবা চেকের মাধ্যমে প্রবীণরা এ অর্থ পাবেন। তবে মেডিকেয়ারের তালিকাভুক্ত মোট ৬ কোটি ৪০ লাখ প্রবীণের সবাই এই সুবিধার আওতায় পড়বেন না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের চড়া মূল্যের কারণে ট্রাম্প প্রশাসনের ওপর মার্কিন ভোটারদের ব্যাপক অসন্তোষ রয়েছে। সাম্প্রতিক জরিপগুলো অনুযায়ী, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর মাত্র ১৭ শতাংশ মানুষের আস্থা রয়েছে। আগামী ৩রা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ট্রাম্প প্রশাসন ভোটারদের জন্য সরকারি তহবিলের অর্থ ছাড়ের এই পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এর আগে গত বৃহস্পতিবার ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (ওবামাকেয়ার)-এর প্রায় ১০ লাখ গ্রাহককে ৫০০ ডলার করে রিবেট চেক পাঠানো শুরু করেছে প্রশাসন।
এমনকি শনিবার রাতে ওহাইওর ভ্যান্ডালিয়ায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ঘোষণা দেন, নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মার্কিনিকে নগদ ৫ হাজার ডলার করে দেয়া হবে। বিশ্লেষকদের মতে, দেশটির ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকেরা নির্বাচনে সবচেয়ে নির্ভরযোগ্য ভোটার। এবার সেই প্রবীণ ভোটারদের মন জয় করতেই এই এককালীন অর্থ দেওয়ার কৌশল নিলেন মার্কিন প্রেসিডেন্ট।
