যুক্তরাষ্ট্রের ফুটবলে রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করেছেন কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত এক গোল করে দেশটির হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার ইতিহাস গড়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার। অ্যারিজোনার গ্লেনডলে স্টেট ফার্ম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল মার্কিনিরা। ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান হল। মেক্সিকোর গোলকিপার রাউল রাহনেলের ভুলে বল পেয়ে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিং করেন রেড বুল নিউ ইয়র্কের এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়েন হল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন কাভান। ৬৩ মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুল ব্যাকপাস ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে যান সুলিভান। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বাঁ পায়ের দুর্দান্ত চিপ শটে বল জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমেই ১৭ বছর ৫ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিজের করে নেন সুলিভান। মাত্র চার দিন আগেই চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করে এই রেকর্ড নতুন করে গড়েন মাথিস অ্যালবার্ট। এই দুজনের আগে রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ান পুলিসিচের।
ম্যাচটি আরও একপেশে হয়ে যায় যখন ৬৪ মিনিটে মেক্সিকোর এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৫ মিনিটে দলের তৃতীয় ও শেষ গোলটি করেন মালিক টিলম্যান। এই জয়ে আন্তর্জাতিক উইন্ডোতে টানা তিনটি জয়ই পেলো যুক্তরাষ্ট্র।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সুলিভান। তিনি বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত। ৩, ৪ বা ৫ বছর বয়স থেকেই মানুষ এই মুহূর্তগুলোর স্বপ্ন দেখে থাকে। আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছি। কেবল গত কয়েক ঘণ্টার ব্যাপার নয়, যখন জানলাম প্রথম একাদশে সুযোগ পাচ্ছি। তার চেয়েও বড় কথা, সারাজীবন ধরে এই স্বপ্ন দেখে এসেছি। আমার পরিবারের জন্য এবং আমার জন্য এটি এক অভাবনীয় সম্মান।’
সুলিভানের শেকড়ে জড়িয়ে আছে বাংলাদেশও। তার নানী যুক্তরাষ্ট্রপ্রবাসী সুলতানা আলম একাত্তরের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ফুটবলের মাঠেও যার উত্তরাধিকার বহন করছেন এই কিশোর তারকা।
চলতি মৌসুমে মেজর লীগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের জার্সিতে প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমে এবং মাসসেরা হয়ে নজর কাড়েন সুলিভান। ১৮ বছর বয়স হলেই তিনি ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন।
