৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি এ সফরে ঢাকা ছাড়েন বলে রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অফ আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬ এ অংশ নেবেন।
সফরকালে তিনি মেলবোর্নে অবস্থিত ডিকাইন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
এরপর সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অফ দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে যোগ দেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
আইএসপিআর আরও জানিয়েছে, এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।
