‘অনূর্ধ্ব-২৩’ বুর্কিনা ফাসোর জালে ৭ গোল আর্জেন্টিনার

‘অনূর্ধ্ব-২৩’ বুর্কিনা ফাসোর জালে ৭ গোল আর্জেন্টিনার

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খর্বশক্তির বুর্কিনা ফাসোকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তবে মনুমেন্তাল স্টেডিয়ামে রোববারের এই একপেশে ম্যাচের মূল গল্পটি ছিল আফ্রিকান দেশটির দল গঠন নিয়ে। এয়ারলাইন্স জটিলতায় জাতীয় দলের বেশিরভাগ ফুটবলাররা ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায়। ম্যাচ শুরুর মাত্র পাঁচ ঘণ্টা আগে তড়িঘড়ি করে পৌঁছানো অনূর্ধ্ব-২৩ দলের তরুণদের নামিয়ে দেয় তারা। অভিজ্ঞতা ও শক্তিতে যোজন যোজন পিছিয়ে থাকা সেই অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আক্রমণের ঝড় তুলে বড় জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

ম্যাচ শুরুর আগে চার্টার বিমান জটিলতার কারণে বুর্কিনা ফাসোর জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় বুয়েনস আইরেসে আসতে রাজি হননি। বাধ্য হয়েই কোচ আমির আব্দোউ জরুরি ভিত্তিতে অনূর্ধ্ব-২৩ দলের তরুণদের নিয়ে স্কোয়াড সাজান। যদিও দলটিকে সরাসরি অনূর্ধ্ব-২৩ দলও বলা যাচ্ছে না। কেননা, মূল দলের মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়া স্কোয়াডে ছিলেন। ফ্লাইট বিড়ম্বনার কারণে দীর্ঘ ভ্রমণ শেষে কাসাব্লাঙ্কা থেকে ম্যাচ শুরুর মাত্র ৫ ঘণ্টা ১৫ মিনিট আগে আর্জেন্টিনায় পৌঁছায় তরুণ দলটি। ফলে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও অনভিজ্ঞ অনূর্ধ্ব-২৩ ডিফেন্স নিয়ে বিশ্বকাপ রানার্স-আপ আর্জেন্টিনার ধারালো আক্রমণের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে তারা।

প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাচের ৪র্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শুভসূচনা করেন লাওতারো মার্টিনেজ। ৯ মিনিটে অনূর্ধ্ব-২৩ দলের তরুণ ডিফেন্ডার মাউমানি দিয়ালোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ১৩ মিনিটে প্রেস্তিয়ান্নি, ৩৫তম মিনিটে নিকো পাজ এবং ৩৬তম মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে প্রথমার্ধেই খর্বশক্তির সফরকারীদের বিধ্বস্ত করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে অনূর্ধ্ব-২৩ দলের ওপর কিছুটা ‘দয়া’ দেখিয়ে দলের মূল একাদশের প্রায় সবাইকে তুলে নিয়ে তরুণদের বাজিয়ে দেখেন স্কালোনি। বদলি নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ৫৭ মিনিটে ও যোগ করা তৃতীয় মিনিটে জুলিয়ানো সিমিওনে বাকি দুটি গোল করেন।

স্কালোনি যুগে এটি যৌথভাবে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ২০২৩-এ কুরাসাওয়ের বিপক্ষেও একই স্কোরলাইনে জয় তুলে নেয় তৎকালীন বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সেটি হবে আর্জেন্টিনার জার্সিতে মহাতারকা লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। মেসির বিদায়ের আগে বিপক্ষে এমন দাপুটে পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তি দেবে স্কালোনিকে।