খুলনার বটিয়াঘাটায় ছেলের আঘাতে সুচিত্রা বর্মণ (৫৫) নামের মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে ছেলে মৃত্যুঞ্জয় বর্মণ (২৮)কে আটক করেছে। নিহত ওই গৃহবধূ জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের সুখলাল বর্মণের স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ঘাতক মৃত্যুঞ্জয় বর্মণ বিভিন্ন সময়ে নানা অজুহাতে মাকে শারীরিক ভাবে নির্যাতন ও মারপিট করে আসছিল। তারই জেরে গত পরশু মোটরসাইকেল কেনার ৪ লাখ টাকার দাবিতে তার মাকে মারপিট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই রাতে মা সুচিত্রা মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, ছেলে মৃত্যুঞ্জয়কে আটক করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
